দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৬০ জনের বেশি অগ্নিনির্বাপন কর্মী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
ভবনের ভেতর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অগ্নিকাণ্ডের শুরু হওয়ার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে উঠে যান। পরে ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গেছে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফিটনেস সেন্টার বা জিমে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
অগ্নিনির্বাপন দফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। এর ফলে তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়ে।