ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর সমাপ্তি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ইরাকের অনুরোধে নজরদারি বিমান কার্যক্রম চালাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বিমান হামলা চালাচ্ছিলো অস্ট্রেলিয়া। এবার ছয়টি হর্নেট জেট ফিরিয়ে আনছে তারা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিস পেন বলেছেন, ইরাক সম্প্রতি আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ বিষয়ে ইরাকসহ অন্যান্য মিত্রদের সঙ্গে আলোচনা করেছে অস্ট্রেলিয়া।
মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ৭৮০ জন অস্ট্রেলীয় সেনা দায়িত্ব পালন করেছে ইরাকে। পেন বলেন, ইরাকে জয়লাভের পর অস্ট্রেলিয়া এখন অন্যরকম ভাবছে।’
তিনি এই অভিযানকে দীর্ঘমেয়াদী ও নৃশংস বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে দায়িত্বপালন করা অস্ট্রেলীয়দের ধন্যবাদ দিয়েছেন তিনি।
দুই সপ্তাহ আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক সংবাদ সম্মেলনে বলেন, ইরাকি সেনারা এখন ইরাক-সিরিয়া সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এই বিজয়ের প্রশংসা করে তারা লড়াই চালিয়ে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।