সিরিয়ায় বেসামরিক উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

সিরিয়ায় মার্কিন বেসামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রত্যাশা করেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। দেশটিতে আইএস বিরোধী লড়াই শেষ হওয়ার পথে রয়েছে। এখন সেখানে অবকাঠামো পুনঃনির্মাণের পাশাপাশি জঙ্গিদের ফিরে আসা ঠেকাতে কাজ করার জন্য মার্কিন ঠিকাদার ও কূটনীতিকদের কাজ করার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

তবে এ খবরে রাগান্বিত হবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কারণ সিরিয়ায় ইতোমধ্যে দুই হাজার মার্কিন সেনা রয়েছে। আসাদ তাদের অবস্থানকে ‘অবৈধ হামলাকারী’ হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার জিম ম্যাটিস বলেন, ‘আমরা পরিবর্তিত হয়ে আক্রমণাত্মক হতে চাই। আক্রমণাত্মক হয়ে দখলদার হটিয়ে এই এলাকাকে স্থিতিশীল করতে আমরা কাজ করব। এই এলাকায় আরও মার্কিন কূটনীতিক দেখতে পাবেন।’

এর আগে তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আইএস যোদ্ধারা যুদ্ধ করতে চাইবে ও তাদের ফিরে আসতে চাইবে, তাদের ঠেকাতে মার্কিন বাহিনী সিরিয়ায় অবস্থান করবে। তবে এবারই প্রথম তিনি আইএসের কাছ থেকে উদ্ধারকৃত এলাকায় বেসামরিক লোকজনের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিলেন।

 তিনি বলেন, ‘প্রাথমিক সেবাগুলো পুনঃস্থাপন করার জন্য আরও কূটনীতিক আনা হবে। তারপর তারা ঠিকাদারদের নিয়ে এসে কাজ করবে।’  তিনি আরও বলেন, ‘এখানে কাজের জন্য সাহায্য হিসেবে পাওয়া আন্তর্জাতিক অর্থ রয়েছে। সেই অর্থ যাতে ভুল মানুষের পকেটে না যায় তারই  সত্যিই কিছু করা হবে।’

 ঠিকাদার ও কূটনীতিকরা স্থানীয় বাহিনীকে উন্নত বিস্ফোরক যন্ত্র তৈরির প্রশিক্ষণ দেবে যাতে তারা এ অঞ্চলে আইএসের ফিরে আসা ঠেকাতে পারে। ম্যাটিস বলেন, ‘এটা এই এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ। এতে অনেকেরই সমর্থন আছে।’  

গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। এরপরও মার্কিন কূটনীতিকরা কিভাবে দেশটিকে সহায়তা করবে তা পরিষ্কার নয়। রাশিয়ার বিমান বাহিনী ও ইরান সমর্থিত মিলিশিয়াদের সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আসাদের বিরুদ্ধে নয় বরং আইএসবিরোধী যুদ্ধে অংশ নিচ্ছে বলে দাবি করে আসছে। তবে তারা আসাদের পদত্যাগও চায়।

কিন্তু আসাদ বাহিনী যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা ব্যহত করতে চাইলে কী করা হবে জানতে চাইলে ম্যাটিস বলেন, ‘এটা সম্ভবত একটা ভুল হবে।’