ইরানিদের সমালোচনার অধিকার আছে, ধ্বংসের নয়: হাসান রুহানি

iran-election-candida-759

 

ইরানি নাগরিকদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বাধীনতা আছে; কিন্তু নিরাপত্তাকে বিপন্ন করার স্বাধীনতা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানিদের বিক্ষোভের চার দিনের মাথায় রবিবার মন্ত্রীসভার এক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।

ইরানে সমস্যা রয়েছে বলে স্বীকার করে রুহানি বলেন, ‘সমস্যা সমাধান করা হবে। তবে সংঘর্ষ-ভাঙচুর সহ্য করা হবে না।’

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন দেশটির বিপুল সংখ্যক মানুষ। এসময় বিক্ষোভকারীরা বেকারত্ব ও দারিদ্র্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আওয়াজ তোলেন। মধ্যপ্রাচ্যের অন্য দেশে নজর না দিয়ে নিজ দেশের জনগণের প্রতি নজর দিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০০৯ সালের পর দেশটিতে এত বড় বিক্ষোভ আর হয়নি।

স্থানীয় এক সংবাদ সংস্থা জানিয়েছে, এ বিক্ষোভে ইরানের বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, বিক্ষোভকারীদের সংগঠিত হতে না দেওয়ার জন্য সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে সরকার।

এদিকে, এক টুইট বার্তায় ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘ইরানের সরকার দেশের বাইরে সন্ত্রাসীদের অর্থের যোগান দিতে গিয়ে জাতীয় সম্পদের যে অপচয় করছে তারই প্রতিবাদে দেশটির জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছে।’ তিনি আরও দাবি করেন, ‘ইরান সরকারের উচিত জনগণের অধিকার ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো এবং বিশ্ববাসী ইরানের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

ট্রাম্পের এ টুইটের জবাবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, ‘শত্রুরা এখন নিজেদের ইরানি জনগণের বন্ধু হিসেবে তুলে ধরছে।’ রবিবার তেহরানে প্রাদেশিক উচ্চ পরিষদের এক বৈঠকে তিনি আরও বলেন, ‘যারা জনগণের সম্পদ নষ্ট করেছে এবং বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদের জবাবদিহি করতে হবে।’ সূত্র- বিবিসি।