পাকিস্তানে শিশু অপহরণ ও ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর সুপারিশ

পাকিস্তানে ১৪ বছরের কম বয়সী শিশুদের অপহরণ ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্তদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছে দেশটির স্বরাষ্ট্রবিষয়ক সিনেট স্থায়ী কমিটি। বুধবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিল পাসের জন্য সিনেটকে অনুরোধ জানিয়েছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি জানিয়েছে। পাকিস্তানের কাসুরে সাত বছর বয়সী শিশু জয়নাব আনসারিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে যখন প্রতিবাদ চলছে তখনই সিনেট কমিটি এ অনুরোধ জানালো। এর আগে শিশুদের অপহরণ ও যৌন নিপীড়নের দায়ের দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড চেয়ে একটি প্রস্তাব পাস করেছিল এ কমিটি।

জয়নাবের জন্য ন্যায়বিচারের দাবি
গত ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাস শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে ছয় বছরের শিশু জয়নাবকে অপহরণ করা হয়। ওই সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে। পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করেন। জয়নাব কাসুরে এক বছরের মধ্যে যৌন নিপীড়নের শিকার ১২তম শিশু। ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা ও তার আগে যৌন নির্যাতন করা হয় বলে উল্লেখ করা হয়েছে। এরইমধ্যে ডিএনএ পরীক্ষার ভিত্তিতে তার সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়নাবের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানজুড়ে শিশু নিপীড়নের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ জারি রয়েছে। আর তার মধ্যেই বুধবার সিনেট কমিটি ১৪ বছরের কম বয়সী শিশুদের অপহরণ ও ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর সুপারিশ করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রবিষয়ক সিনেট স্থায়ী কমিটির চেয়ারম্যান রেহমান মালিক সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাসের সুপারিশ করেন। সিনেট সচিবালয় বরাবর পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান তিনি।

চিঠিটি হাতে পাওয়ার দাবি করে ডন জানিয়েছে, শিশুদের অপহরণ সংক্রান্ত আইন পাকিস্তান পেনাল কোড ও কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি)-এ সংশোধন আনার অনুরোধ জানানো হয়েছে। কমিটি প্রস্তাবিত বিলটির নাম দিয়েছে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৮। এতে অনুরোধ জানানো হয়, পাকিস্তান পেনাল কোড অ্যাক্ট ১৮৬০ এর ৩৬৪-এ ধারায় সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়। ৩৬৪-এ ধারায় বর্তমানে বলা আছে: ‘খুন, গুরুতর আঘাত কিংবা লালসা মেটানোর জন্য কেউ যদি ১৪ বছরের কম বয়সী কাউকে অপহরণ করে তবে এর সাজা মৃত্যুদণ্ড হবে।’ এখানে একটি শব্দেই সংশোধন চাইছে সিনেট কমিটি। শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ‘প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো’ কথাটির অন্তর্ভূক্তির সুপারিশ করেছে তারা। কোড অব ক্রিমিনাল প্রসিডিউরেও একইরকমের সংশোধনী চাইছে তারা।