পুনরায় একত্রীকরণের ডাক উত্তর কোরিয়ার

উত্তর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মধ্যে পুনরায় একত্রীকরণের ডাক দিয়েছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সরকারের এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিম জং উনসরকারি ঘোষণায় বলা হয়েছে, ভিন্ন কোনও দেশের সাহায্য ছাড়াই পুনরায় একত্রীকরণের জন্য দেশে-বিদেশে থাকা সব কোরীয় নাগরিকের ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত। এ অঞ্চলে শান্তিপূর্ণ আবহ তৈরি এবং সামরিক উত্তেজনা দমনে এর প্রয়োজন রয়েছে। দুই কোরিয়ার পুনরায় একত্রীকরণের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দেবে  পিয়ংইয়ং।

ঘোষণায় দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ, ভ্রমণ ও সহযোগিতাকে উৎসাহিত করতে সব কোরিয়ান নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়।

দুই কোরিয়ার মধ্যকার সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের পুনরায় একত্রীকরণের ক্ষেত্রে বিদ্যমান সামরিক উত্তেজনাকে মৌলিক বাধা হিসেবে উল্লেখ করেছে পিয়ংইয়ং। একইসঙ্গে কোরীয় উপদ্বীপে বাইরের শক্তির সঙ্গে চালানো যৌথ মহড়াকে অকার্যকর বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।