অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে জাতিসংঘের আহ্বান

ইউরোপে পাড়ি জমানোর আশায় ভূমধ্যসাগরে নৌকাডুবে অভিবাসীদের মৃত্যু রোধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এই আহ্বান জানায় তারা।

thumbs_b_c_696a1c064d233cc342b26bd4523e4805আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, চলতি বছর এখন পর্যন্ত ২০০ এরও বেশি অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন। সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং বলেন, ‘এই দুঃখজনক ঘটনা চলছেই। ইতোমধ্যে আমরা ২০০ এর বেশি মানুষকে হারিয়েছি।’

সংস্থাটির মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছেন কিংবা নিখোঁজ রয়েছেন। চলতি মাসের প্রথমে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছিল যে, এই বছর ভূমধ্যসাগরে আরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হতে পারে।

দাভোসে অংশগ্রহণকারীদের সুইং বলেন, তারা যেন অভিবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন।সম্মেলনে ১১০টি দেশের তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। সুইং তুরস্কের প্রশংসা করে বলেন, আমরা খুবই খুশি যে তুরস্ক সবচেয়ে বেশি শরণার্থীদের আশ্রয় দিয়েছে। তাদের দেশে প্রায় ৩০ লাখ শরণার্থী রয়েছেন। আমরা তাদের সঙ্গে কাজ করছি।’