যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া সামরিক মহড়ার প্রশ্নে উ. কোরিয়ার হুঁশিয়ারি

শীতকালীন অলিম্পিকের পর স্থগিত থাকা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কার্যক্রম আবারও শুরু হলে ‘অলস বসে’ থাকবে না উত্তর কোরিয়া। জাতিসংঘকে দেয়া এক চিঠিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এই সতর্কতা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পুরনো ছবি

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণ নিয়ে দুই দেশ সংলাপে অংশ নিয়েছে। আর এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে পূর্ব নির্ধারিত একটি যৌথ সামরিক মহড়া স্থগিত রাখে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘকে লেখা চিঠিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখনই এই ধরনের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, তখনই কোরিয়া উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। দুই কোরিয়ার অবিশ্বাস ও বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। তিনি বলেন, নতুন কোন মহড়া দুই কোরিয়ার মধ্যে বহুল আলোচিত সংলাপকে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ভবিষ্যতে আমরা সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাবো। এই প্রচেষ্টাকে নস্যাত করতে কোন অশুভ পদক্ষেপ নেওয়া হলে আমরা অলস বসে থাকবো না।

উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে চলতি বছরেও নতুন করে আরও কঠোর অবরোধ আরোপ করে জাতিসংঘ। এর কয়েকদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার আগ্রহ দেখান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রকে দাবি করে অবরোধ কঠোর করার কারণেই  সংলাপে আগ্রহ দেখিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘকে লেখা চিঠিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বকে বিভ্রান্ত করতেই যুক্তরাষ্ট্র এই দাবি করেছে।