তালেবানবিরোধী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান: আফগান প্রেসিডেন্ট

তালেবানবিরোধী পদক্ষেপ নিতে পাকিস্তান ব্যর্থ হয়েছে; অভিযোগ তুলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গত মাসে কাবুলে দুটি বড় হামলায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির পর নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জুমার নামাজের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পাকিস্তানকে 'তালেবান সেন্টার' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের পদক্ষেপের অপেক্ষায় আছি।’

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পুরনো ছবি

তালেবানদের কার্যক্রমে পাকিস্তান অর্থ সহায়তা ও আশ্রয় দিচ্ছে বলে দীর্ঘিদিন ধরেই অভিযোগ করছে আফগানিস্তান। তবে এই অভিযোগ করে পাকিস্তানের পাল্টা দাবি তালেবানদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের হাজার হাজার নাগরিককে মূল্য দিতে হয়েছে। সাম্প্রতিক হামলায় জড়িত সন্দেহে হাক্কানি নেটওয়ার্কের ১১ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ঘানি বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের সহায়তা দিতো বলে জানিয়েছে আটককৃতরা। এর আগে বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের ওয়াজিরিস্তানে হাক্কানি নেটওয়ার্কের কার্যক্রম চালানোর বিভিন্ন প্রমাণপত্র আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করেছে। সেসব প্রমাণপত্র পর্যালোচনা করে দেখা হচ্ছে। 

শুক্রবার আফগান প্রেসিডেন্ট ঘানি বলেন, কাবুলে সাম্প্রতিক এই হামলা শুধু আমাদের নারী-পুরুষ ও শিশুদের ওপর ছিলো না বরং তা ছিলো পুরো আফগান জাতীয়তার ওপর। আর একারণে জাতীয় জাগরণ জরুরি। তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা আগামী রোববার কাবুলের নতন নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করবেন।

গত মাসে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা পর কাবুলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে এর কয়েকদিনের মাথায় শহরের পুরনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশে বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্স নিয়ে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত হয়। তার একদিনের মাথায় মিলিটারি একাডেমিতে হামলা হয়।