রাজনৈতিক সংকট সমাধানে মালদ্বীপের সব দলের আলোচনা আয়োজনে বিশ্ব সম্প্রদায় এখনও তৈরি আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া ১২ জন বিরোধী দলীয় নেতাকে পুর্নবহাল ও নয় জন বিরোধী নেতাকে মুক্তি দেওয়ার আদেশের প্রতি সরকারকে সম্মান দেখানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে একই আহ্বান জানান। গত শুক্রবার রাতেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফ থেকেও এসব আদেশের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছিলো।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন দিন আগে সুপ্রিম কোর্ট বিরোধী ৯ নেতার বিরুদ্ধে আনা সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদেরকে মুক্তির নির্দেশ দেয়। কিন্তু সরকার ওই আদেশ রবিবার পর্যন্ত বাস্তবায়ন না করে ‘বিষয়টি প্রক্রিয়াধীন’ দাবি করতে থাকে। মালদ্বীপের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে অভিশংসনের শঙ্কায় পড়েন সে দেশের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। এছাড়া সুপ্রিম কোর্টের আদেশে গত বছর বরখাস্ত হওয়া বিরোধীদের দলের ১২ সংসদ সদস্যকেও পুনর্বহাল করা হয়। ফলে ৮৫ আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিরোধী দল। দেশব্যাপী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে গুঞ্জন ওঠে অভিশংসিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। পার্লামেন্টে দেশের শীর্ষ আইন কর্মকর্তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনলে সেনাবাহিনী পার্লামেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয়।
জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে প্রতিবাদ দেখানো সব পক্ষকে ধৈর্য্য ধরারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া মালদ্বীপের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের মালি সফরের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক সঙকট নিয়ে মালিতে চলমান বিক্ষোভ যেকোনও সময় সহিংস হয়ে উঠতে পারে।