বাস্তিল দিবসের প্যারেডের মতো করে ওয়াশিংটনে একটি সামরিক প্যারেড আয়োজনের পরিকল্পনা করার জন্য পেন্টাগন ও হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট খবরটি জানিয়েছে।
প্রতি বছর ১৪ই জুলাই ফ্রান্সে জাতীয় উৎসব হিসেবে বাস্তিল দিবস উদযাপন করা হয়। ফ্রান্সের সাধারণ মানুষের কাছে এটি ল্য ক্যাতৌযে জুইয়ে অর্থাৎ ১৪ই জুলাই নামে পরিচিত। এই উৎসবে ১৭৮৯ সালের ১৪ই জুলাই তারিখে ফ্রান্সের সাধারণ জনগণের বাস্তিল দুর্গ দখলের ঘটনাটিকে স্মরণ করা হয়। ঐ ঘটনাটিকে ফরাসি বিপ্লব ও আধুনিক ফ্রান্সের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়। গত বছর জুলাইয়ে প্যারিসে বাস্তিল দিবসের প্যারেড প্রত্যক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। এইবার একই ধাঁচে ওয়াশিংটনে একটি প্যারেড আয়োজনের কথা ভাবছেন তিনি।
গত ১৮ জানুয়ারি পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবঙ জয়েন্ট চিপস অব স্টাফ চেয়ারম্যান জেনারের জোসেফ ডানফোর্ডের সঙ্গে একটি বৈঠক করেন ট্রাম্প। সূত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানায়, বৈঠকে ট্রাম্প বলেছেন, তিনি একটি সামরিক প্যারেড দেখতে চান। তিনি বলেন, ‘আমি ফ্রান্সের মতো একটি প্যারেডের আযোজন দেখতে চাই।’ নাম প্রকাশ না করে সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, এই পরিকল্পনা নিয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কাজ চলছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি প্রকাশের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দ্ওেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রতিরক্ষা দফতরকে এমন একটি উৎসবের পরিকল্পনা করতে বলছেন যেখানে সব আমেরিকান তাদের গুণগুলোকে উপস্থাপন করতে পারে।’
নাম প্রকাশ না করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্যারেড পরিকল্পনাটি এখনও চিন্তা-ভাবনা পর্যায়ে আছে, কোনও সিদ্ধান্ত হয়নি।