ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। তবে প্রাণ হারিয়েছেন তার এক আত্মীয়। বুধবার রাজস্থানের কোটা-চিতোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মোদির স্ত্রী যশোদাবেন, তার দেহরক্ষী ও গাড়িচালক আহত হয়েছেন। সাতজন যাত্রী নিয়ে গাড়িটি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা জানায়, যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তারা একটি তদন্ত কার্যক্রম চালু করেছে।
১৯৬৭ সালে মোদিকে বিয়ে করেছিলেন যশোদাবেন। তবে এখন মোদির সঙ্গে থাকেন না তিনি। ২০১৪ সালে মোদি তার এই বিয়ের কথা স্বীকার করেন। স্ত্রীকে আলাদা করে দেওয়ায় অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কোটায় একটি বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটের মেহসানা জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন যশোদাবেন। পথে রাজস্থানের চিতোরগড়ে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।