মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কুয়ালালামপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি কয়েক দিন তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে বাবা-মেয়ের ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন মাহাথিরের বড় মেয়ে মেরিনা মেরিনা মাহাথির। বাবার কাঁধে মেরিনার মাথা রাখা এই ছবিতে দুইজনকেই হাস্যেজ্জ্বল দেখা যায়।
টুইটে মেরিনা মাহাথির বলেন, সকালে বাবাকে দেখতে এলাম। তিনি ভালো আছেন, তবে তার বিশ্রাম প্রয়োজন। শিগগিরই তিনি বাড়ি ফিরবেন।
নিজ দলের প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রতি ক্ষুব্ধ হয়ে ২০১৮ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ঘোষণা দেন ৯২ বছরের মাহাথির। গত ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করেছে দেশটির বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান। আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।
বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান ক্ষমতায় এলে রাজকীয় ক্ষমা ঘোষণা দিয়ে বর্তমান বিরোধী দল দ্য পিপলস জাস্টিস পার্টি বা পার্টি কেয়াদিলান রাকায়াতের (পিকেআর) প্রধান আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। কারারুদ্ধ আনোয়ার ইব্রাহিম মুক্তি না পাওয়া পর্যন্ত মাহাথির ক্ষমতায় থাকবেন।
জাতীয় রাজনীতির বাইরে আন্তর্জাতিক নানা ইস্যুতেও সোচ্চার মাহাথির মোহাম্মদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর ট্রাম্পকে 'আন্তর্জাতিক গুণ্ডা' হিসেবে আখ্যায়িত করেন আধুনিক মালয়েশিয়ার এ রূপকার। সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে মাহাথির বলেন, ‘এ খলনায়ক যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাকে ঠেকাতে অবশ্যই আমাদের সব ক্ষমতা ব্যবহার করতে হবে।’
২২ বছর ক্ষমতায় থাকা মাহাথির মোহাম্মদ যদি মালয়েশিয়ার আগামী নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী। ১৯৮৯ ও ২০০৭ সালে তার দুই দফা বাইপাস সার্জারি করা হয়েছিল। সূত্র: এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট।