অক্সফামের প্রধান নির্বাহী উইনিই বাইয়ানিমা বলেছেন, হাইতিতে যুক্তরাজ্যভিত্তিক ওই আন্তর্জাতিক দাতব্য সংস্থার কর্মীদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগে তার 'হৃদয় ভেঙে গেছে'। সম্প্রতি হাইতির ভূমিকম্প কবলিত এলাকায় কাজের সময় নারীদের যৌনকাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সংস্থাটির জন্য বরাদ্দকৃত তহবিল কর্তনের হুমকি দিয়েছে। এসব নিয়ে দেশটির সংবাদমাধ্যম রযটার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান বাইয়ানিমা।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে অক্সফামের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোল্যান্ড ভ্যান হুওয়ার মেরিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনেন। অক্সফামেরই একটি গোপন তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে খবরে জানানো হয়, ২০১০ সালে হাইতির ভূমিকম্প পীড়িত নারীদের যৌন কাজে ব্যবহার করেছেন মেরিন। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়েও একই কাজ করিয়ে নিয়েছেন তিনি। শাদের একই ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ ওঠে।
রবিবার রয়টার্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের অন্যতম বড় এই দাতব্য সংস্থাটির প্রধান বলেন, 'হাইতিতে যারা রক্ষা করতে গিয়েছিল তাদের কয়েকজন অক্সফামের প্রভাব ব্যবহার করে অসহায় ওই নারীদের হেনস্তা করার খবরে আমি গভীরভাবে দুঃখিত।' ২০১৩ সালে অক্সফামের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া উইনিই বাইয়ানিমা বলেন, 'ওই ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছে।'
তিনি বলেন, আমরা বিশ্বাস পুনরুদ্ধার করতে চাই। আমরা সেই বিশ্বাস তৈরি করতে চাই। আমরা সৎ থাকতে প্রতিজ্ঞাবদ্ধ, স্বচ্ছ থাকতে চাই আর যৌন হেনস্তার ইস্যুতে দায়বদ্ধ থাকতে চাই। আজ আমরা একটি ভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি।
বাইয়ানিমা বলেন, যারা তাদের সংস্থায় যোগদানের পর মূল্যবোধ দরে রাখতে পারবে না তাদের দাতব্য সংস্থায় কাজ করতে দেওয়া বন্ধ করে দেবেন তারা। ২০১০ সালের ওই ঘটনা সংশ্লিষ্ট তথ্য সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করা হবে বলেও জানান অক্সফামের প্রধান নির্বাহী।