ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদে দুই সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ করেছেন দেশটির ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ ওয়েবসাইট র্যাপলারের দুই সাংবাদিকের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করেন তিনি। প্রেসিডেন্টের এ সিদ্ধান্তকে ‘ভয়ঙ্কর এবং অত্যন্ত অপ্রীতিকর’ বলে উল্লেখ করেছে ফিলিপিনো সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।
২০১২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে র্যাপলার। বার বারই সংবাদমাধ্যমটিকে ‘ভুয়া সংবাদের’ উৎস হিসেবে আখ্যা দিয়ে আসছেন তিনি। মঙ্গলবার র্যাপলার জানায়, রদ্রিগো দুয়ার্তে সরাসরি তার নিরাপত্তা দলকে নির্দেশ দিয়েছেন যেন সংবাদ প্রতিষ্ঠানটির সিইও এবং এক রিপোর্টারকে প্রাসাদে প্রবেশ করতে না দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় পিটিভিও খবরটি নিশ্চিত করে।
র্যাপলার জানায়, একটি সিনেট শুনানি দেখার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার্তে। ওই শুনানিতে দুয়ার্তের এক আস্থাভাজন সহযোগী ক্রিস্টোফার গো-কে একটি সামরিক চুক্তি নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিলো। আর এ চুক্তি নিয়ে সবার আগে র্যাপলারই খবর প্রকাশ করেছিল।
মঙ্গলবার দুয়ার্তের মুখপাত্র হ্যারি রোক বলেন, র্যাপলারের রিপোর্টার পিয়া রনদা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন। তবে ওই ব্রিফিং প্রেসিডেন্ট প্রাসাদের পাশে অন্য একটি ভবনে অনুষ্ঠিত হয়।
দুয়ার্তের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস অব দ্য ফিলিপাইনস (এনইউজেপি)। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘স্বেচ্ছাচারিতা তার ব্যক্তিত্বের একটি ভয়ঙ্কর দিক প্রকাশ করে, যা গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তায় থাকা আমাদের এ দেশটির জন্য মোটেও ভালো ফল বয়ে আনবে না।’
উল্লেখ্য, বিশ্বজুড়েই বন্দুকভক্তির জন্য দুয়ার্তের পরিচিতি রয়েছে। ২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে দুয়ার্তে জানান, ফিলিপাইনে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ানো ব্যক্তিদের গুলি করার ক্ষমতা দেওয়া হবে নিরাপত্তা বাহিনীকে। আর দায়িত্ব নেওয়ার পর ‘মাদকবিরোধী যুদ্ধ’ ঘোষণা করেন দুয়ার্তে। তিনি বলেন, ‘আপনারা যদি কোনও মাদকসেবীকে চিনে থাকেন তবে তবে তাদেরকে নিজেরাই হত্যা করুন। তাদের বাবা-মাকে এ কাজটি করতে বলাটা বেশি কষ্টের।’