পাকিস্তানের সিনেটে প্রথমবারের মতো বিজয়ী হলেন দলিত-হিন্দু নারী

প্রথম দলিত-হিন্দু নারী হিসেবে শনিবার অনুষ্ঠিত পাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সিনেট নির্বাচনে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কৃষ্ণা কুমারি কোহলি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তার বিজয়ী হওয়ার খবর নিশ্চিত করেছে।

কৃষ্ণা কুমারি কোহলি

বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)  মনোনয়নে নারীদের জন্য সংরক্ষিত আসনে বিজয়ী হয়েছেন ৩৯ বছর বয়সী কৃষ্ণা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলিত নারীর এই বিজয়কে ঐতিহাসিক বলছে তার দল।

পিপিপি বলছে তার এই বিজয় পাকিস্তানের নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপেরই প্রতিনিধিত্ব করছে। অবশ্য এর আগে পিপিপি দেশটির প্রথম হিন্দু নারী হিসেবে রত্না ভগবন্দ চাওলাকে নির্বাচিত করেছিল।

সিন্ধু প্রদেশের এক গ্রামে দরিদ্র দলিত কৃষক পরিবারে জন্ম। ছোটবেলায় পরিবারের সদস্যদের সঙ্গে  তিন বছর বাধ্যতামুলক শ্রম বিক্রি করেছেন এক ভূস্বামীর অধীনে। সেই সময় কাটাতে হয়েছিল জেলখানার মতো এক পরিবেশে।  ১৬ বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে। তবে পড়াশোনা ছাড়েননি তিনি। সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা কৃষ্ণা রাজনীতির পাশাপাশি সংখ্যালঘু নারী অধিকার নিয়ে কাজ করেন।