রাশিয়ার কেমেরোভো শহরে শপিং মলে আগুন লাগার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩-এ দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১৬ জন। ধারণা করা হচ্ছে, হতাহত ও নিখোঁজদের মধ্যে ৪১ জন শিশুও রয়েছে। এ পর্যন্ত ৯টি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হতাহত ও নিখোঁজদের এ সংখ্যা জানিয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।
প্রাথমিকভাবে ৩৭ জন নিহত এবং ৬৪ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ। পরে তা সংশোধন করে জানানো হয়, যেসব মৃতদেহ শনাক্ত করা যায়নি তাদেরকেও নিখোঁজ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কেমেরোভোর আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধানকে উদ্ধৃত করে বিবিসি জানায়, শপিং মলটি ১৫শ বর্গফুট জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়,শপিং কমপ্লেক্সে শিশুদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন লাগার পরপরই ওই শপিং মলের বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে। এসব ভিডিওতে অনেককেই ভবনটির জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে
বিবিসি জানায়, আগুন লাগার ঘটনায় হতাহতদের অনেকেই শপিং মলের সিনেমা হলের ভেতরে ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ডেইলি মেইল জানিয়েছে,শপিং কমপ্লেক্সটিতে একটি চিড়িয়াখানা রয়েছে। আগুনের কারণে ওই চিড়িয়াখানার ২০ প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।