প্রায় ২০ বছর আগের এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কৃষ্ণসার প্রজাতির দুই হরিণ শিকারের ওই মামলায় আইন অনুযায়ী আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দিতে পারে। তবে ১৯৯৮ সালের ওই মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন সালমান।
মামলার অন্যান্য আসামী তারকা বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবুকে খালাস দিয়েছে আদালত। এ মামলায় আরও দুজন অভিযুক্ত ছিলেন -ট্রাভেল এজেন্ট দশায়ন্ত সিং ও সালমানের সহকারী দিনেশ গাউরে। গাউরে অবশ্য এখনও পলাতক।
সালমান খানের বিরুদ্ধে অভিযোগ ছিলো যে তিনি ১৯৯৮ সালে যোধপুরের কাছে কানকানি গ্রামে দুটি বিরল প্রজাতির হরিণ শিকার করেছেন। সালমানসহ উল্লেখিত অভিনেতা অভিনেত্রীরা সেখানে একটি হিন্দি ছবির শুটিংয়ে গিয়েছিলেন। ৫২ বছর বয়সী সালমান আগেই এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন হরিণ দুটি প্রাকৃতিক কারণেই মারা গেছে। প্রায় বিশ বছর বয়সী পুরনো এই মামলার আদেশ দিয়েছেন যোধপুরের ডিসট্রিক্ট প্রিজাইডিং অফিসার দেবকুমার খাত্রী।
আদেশ দেয়ার সময় আদালতে উপস্থিত ছিলেন সাইফ আলী কান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু।