শিশু পর্নোগ্রাফি, ভ্যাটিকানের সাবেক কূটনীতিক গ্রেফতার

শিশু পর্নোগ্রাফির অভিযোগে শনিবার ভ্যাটিকানের সাবেক এক কূটনীতিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কার্লো আলবার্টো ক্যাপেলা নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে ভ্যাটিকানের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক অভিযোগের ভিত্তিতে গতবছর তাকে ফিরিয়ে আনা হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameযুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভ্যাটিকানকে জানিয়েছেন, ওই কূটনীতিক হয়তো শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত আইন ভেঙেছেন।

ভ্যাটিকান কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত শেষে ম্যাজিস্ট্রেটের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার চার্চগুলোর যাজকদের বিরুদ্ধে হাজার হাজার শিশুকে যৌন নির্যাতনের বিষয়টি ২০১৭ সালে আলোচনায় এলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই বছরের ২৮ ডিসেম্বর সারা বিশ্বের যাজকদের কাছে পাঠানো এক চিঠিতে যৌন নিপীড়কদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন পোপ ফ্রান্সিস।

চিঠিতে ফ্রান্সিস বলেন, ‘আমি চাই আমাদের মধ্যেকার কেউ যেন এ ধরনের জঘন্য অপরাধে শামিল না হয় তা নিশ্চিত করতে আমরা যে পরিপূর্ণ অঙ্গীকার করেছি তা নবায়ন করা হোক। ভোগান্তি, অভিজ্ঞতা এবং ধর্মগুরুদের হাতে যৌন নিপীড়নের শিকার শিশুদের যন্ত্রণার মধ্য দিয়ে চার্চ তার সদস্যদের কিছু পাপের ব্যাপারে অবগত আছে। এটি এমন এক পাপ যা আমাদের লজ্জিত করে।’

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর‌ পরই চার্চ থেকে যৌন নিপীড়ন নির্মূল করতে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে কিছু পদক্ষেপ নেন ফ্রান্সিস। কিন্তু ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিশপদেরকে জবাবদিহিতার মুখোমুখি করার জন্য ফ্রান্সিস খুব বেশি কিছু করতে পারেননি। এমন অভিযোগের মধ্যেই খোদ ভ্যাটিকানের কূটনীতিকের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগ আনেন মার্কিন কর্মকর্তারা। সে অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে তদন্তের মুখোমুখি করা হয়।