আফগানিস্তানের রাজধানী কাবুলে আইএসের হামলায় নিহতদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক আহমেদ শাহ। সোমবার জোড়া ওই আত্মঘাতী হামলায় নিহত হন ২৯ জন। প্রাণ হারান এএফপির ফটোসাংবাদিক শাহ মারাইও।
সোমবার (৩০ এপ্রিল) সকাল আটটার দিকে কাবুলের শাসদারাক এলাকায় আফগান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রথম বিস্ফোরণটি হয়। মোটরসাইকেল আরোহী এক দুর্বৃত্ত প্রথম বিস্ফোরণটি চালায়। পরে বিস্ফোরণের খবর সংগ্রহ করতে সাংবাদিক ও চিকিৎসাকর্মীরা জড়ো হলে সেখানে আবারও হামলা চালানো হয়। দ্য আফগান জার্নালিস্টস সেফটি কমিটি জানিয়েছে, দ্বিতীয় বিস্ফোরণে ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আফগানিস্তানেরটেলিভিশন চ্যানেল ওয়ান টিভি জানিয়েছে তাদের রিপোর্টার গাজি রাসুলি এবং ক্যামেরাপার্সন নওরোজ আলি রজবি ওই হামলায় নিহত হয়েছেন। রেডিও ফ্রি ইউরোপের দারি ভাষার সংস্করণ আজাদি রেডিও জানিয়েছে তাদের দুই কর্মী নিহত হওয়ার কথা। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ফটোগ্রাফার বিস্ফোরণে আহত হয়েছেন। টোলো নিউজ জানিয়েছে, আরও দুই সাংবাদিক দ্বিতীয় বিস্ফোরণে আহত হয়েছেন।
বিবিসি ওয়াল্ড সার্ভিস জানান তারা আহমেদের পরিবারের জন্য যা করা সম্ভব সবই করার চেষ্টা করছেন। খোস্ট পুলিশ প্রধান আব্দুল হান্নান বলেন, তাকে কে গুলি করেছে তা এখনও জানতে পারেননি তারা। এই বিষয়ে তদন্ত চলছে।