চার নারীর ওপর শারীরিক ও যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিপীড়নের অভিযোগগুলো নিয়ে নিউ ইয়র্কার ম্যাগাজিনে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগ করেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্নাইডারম্যান। রয়টার্স জানিয়েছে, নিউ ইয়র্কার ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী স্নাইডারম্যানের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই নারীরা পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেননি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা লাভকারী স্নাইডারম্যান ২০১০ সাল থেকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত আছেন। তিনি যৌন নিপীড়নবিরোধী প্রচারণা মি টু মুভমেন্টেরও আইনি পরামর্শক। রাজনীতি, মিডিয়া, বিনোদন জগত এবং ব্যবসায়িক অঙ্গনে যৌন নিপীড়ন নিয়ে সরব হওয়ার আন্দোলন এই মি টু মুভমেন্ট। তবে এইবার যোণ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা স্নাইডারম্যানের বিরুদ্ধেই উঠেছে নিপীড়নের অভিযোগ।
সোমবার (৭ মে) নিউ ইয়র্কারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্নাইডারম্যানের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং বিরোধপূর্ণ সম্পর্ক ছিল বলে দাবি করা চার নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। ওই নারীদের অভিযোগ, তাদের অসম্মতিতেই স্নাইডারম্যান যৌন সম্পর্ক স্থাপন করেছেন, শারীরিক নির্যাতন চালিয়েছেন।
নিউ ইয়র্কার ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, চার নারীর দুইজন নিজেদের নাম প্রকাশ করে অভিযোগ করেছেন, স্নাইডারম্যান নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে প্রায়ই মারতেন, তাদের সম্মতি ছাড়া প্রায়ই তাদেরকে বিছানায় নিয়ে যেতেন, যৌন সম্পর্ক স্থাপন করতেন। ওই দুই নারীই জানিয়েছেন, তাদের কেউ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। তবে তারা চিকিৎসা সহায়তা চেয়েছেন এবং ঘনিষ্ঠদের এ নিপীড়নের ব্যাপারে জানিয়েছেন।
তৃতীয় এক নারী নাম প্রকাশ না করে বলেছেন, তিনিও দুই নারীর কাছে তার নিপীড়িত হওয়ার কথা জানিয়েছেন। চতুর্থ নারী জানিয়েছেন, প্রত্যাখ্যান করার পর স্নাইডারম্যান তাকে থাপ্পড় মেরেছেন। তবে ওই নারীও তার পরিচয় প্রকাশে রাজি হননি।
নিউ ইয়র্কারে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার ঘণ্টাখানেক পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কৌমো স্নাইডারম্যানকে পদত্যাগের আহ্বান জানান। আর তার কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দেন স্নাইডারম্যান।
এক বিবৃতিতে স্নাইডারম্যান লিখেছেন: গত কয়েক ঘন্টা ধরে আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। আমি তা দৃঢ়ভাবে অস্বীকার করছি। যদিও এ অভিযোগগুলো আমার পেশাগত আচরণ কিংবা অফিসে দায়িত্বপালনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তারপরও এ সংকটপূর্ণ সময়ে আমি দায়িত্ব পালন করতে পারছি না। সেকারণে আমি পদত্যাগ করছি। ২০১৮ সালের ৮ মে থেকে তা কার্যকর হবে।’