বন্দি অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শপথ অনুষ্ঠান দেখলেন পরবর্তী প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম মাহাথিরের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র থেকে প্রবল প্রতিপক্ষে রূপান্তরিত হন। সময় ও রাজনৈতিক পালাবদলে এখন আবার তিনি মাহাথিরের মিত্র। বিরোধী জোটের বিজয়ের পর আনোয়ারের মুক্তি এখন সময়ের ব্যাপার। বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময়ই মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আনোয়ারের মুক্তি নিশ্চিত করে দুই বছরের মধ্যে তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকা আনোয়ারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে যান তার দলের নেতারা। মালয়েশীয় সংবাদমাধ্যম মালয় অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে আনোয়ার মাহাথিরের শপথ অনুষ্ঠান উপভোগ করেছেন।
আনোয়ার ও ড. মাহাথির দুজনেই সদ্য হেরে যাওয়া বিএন জোটের উমো দলের নেতা ছিলেন। ১৯৮১-২০০৩ সাল পর্যন্ত ক্ষমতাসীন থাকার সময় আনোয়ারকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন মাহাথির। এরপরই পিকেআর নামের দল গড়ে তোলেন আনোয়ার। এরপর ২০০৬ সালে আবারও এক হন দুই নেতা। মাহাথির উমনো ছেড়ে পার্টি প্রিভুমিম বারাসাতু নামে নতুন দল গড়ে তোলেন। আরও কিছু দল নিয়ে গড়ে তোলেন পাকতান হারপান জোট।