৫ গুণ বাড়লো পাকিস্তানের প্রেসিডেন্টের বেতন

দ্বিতীয়বার মেয়াদ পূর্ণ করা পাকিস্তানের ১৪তম পার্লামেন্ট তার শেষ অনুমোদন দেওয়া আইনে দেশটির প্রেসিডেন্টের বেতন ৫৩০ শতাংশ বাড়িয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হওয়া এই আইনের মাধ্যমে প্রেসিডেন্টের বেতন বর্তমানে ১ লাখ ৩৩ হাজার ৩৩৩ রুপি থেকে বেড়ে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি হবে। এর আগে গত বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অর্থ সংক্রান্ত কমিটিতে অনুমোদিত হয় এই আইন। দেশটির সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।পাকিস্তানের ১৪তম পার্লামেন্টের শেষ আইনে প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছে
গত ২৪ মে ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্টের বেতন বাড়ানো সংক্রান্ত আইনের প্রস্তাব আনেন মুসলীম লীগ (নওয়াজ) নেতা ও সংসদ বিষয়ক মন্ত্রী শেখ আফতাব আহমেদ। বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সে সময় এই আইনের বিরোধিতা করলেও পাস হওয়ার সময় কোনও বাধা দেয়নি তারা।

পাস হওয়ার আগে বুধবার সিনেটের অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির প্রধান সাবেক আইনমন্ত্রী ও পিপিপি নেতা ফারুক নায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটির খসড়া অনুমোদিত হয়। বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে কমিটির কাছে এই আইন উত্থাপনকে অসাংবিধানিক ও অবৈধ বলে অভিহিত করা হয়। তাদের বক্তব্য ছিল এই বিলটি সিনেটের মাধ্যমে আসা উচিত। তবে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটির অনুমোদন পায় এই আইন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়া দেশটি বেশিরভাগ সময় সামরিক শাসকদের অধীনে ছিল। ২০১৩ সালে প্রথমবারের মতো বেসামরিক সরকার তার মেয়াদ পূর্ণ করে আরেকটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। ৩১ মে দ্বিতীয় বেসামরিক পার্লামেন্ট মেয়াদ পূর্ণ করলো।  আগামী ২৫ জুলাই দক্ষিণ এশিয়ার দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সরকার ও বিরোধী দলের সম্মতিতে সাবেক প্রধান বিচারপতি নাসির-উল-মুলককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০১ জুন) তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।