আফগানিস্তানে যুদ্ধবিরতির মধ্যেই জেলা গভর্নরকে হত্যা তালেবানের

আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক জেলা গভর্নরকে হত্যা করেছে তালেবান সেনারা। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া যুদ্ধবিরতি চলার মাঝেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

45331795220b434ea5a35f4bc676f40b_18প্রতিবেদনে বলা হয়, ফারিয়াবের কোহিস্তান জেলার গর্ভনরকে যখন হত্যা করা হয় তখন আরও আটটি জায়গায় হামলা চালায় তালেবান।

এর আগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ বছর পর আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জঙ্গি গোষ্ঠী তালেবান। ২০০১ সালে মার্কিন আগ্রাসনের পর যা প্রথম। তার আগে আফগানিস্তানের সরকারি বাহিনী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো।  বৃহস্পতিবার (৭ জুন) আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জানান, আগামী ২০ জুন পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাভেদ বেদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তালেবান জেলার একদম কেন্দ্রে চলে আসতে সক্ষম হয়েছে। বেদার বলেন, ‘তালেবান যদি আমাদের ওপর হামলা চালায় তবে আমাদের আত্মরক্ষা করতে হবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছি।’

উত্তরাঞ্চলের ফারইয়াব ও সারি পলেও তালেবান ও সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। তালেবান দুটি হামলারই দায় স্বীকার করেছে। প্রাদেশক গভর্নরের মুখপাত্র জাবিউল্লাহ আমানি বলেছেন, এখনও হামলা চলছে।

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে তালেবানবিরোধী মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও প্রায় ৮ হাজার ৪০০ সেনা মোতায়েন রয়েছে।