পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা ইতিবাচকভাবে আগাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

95E7D4A8-F397-4379-8A47-7221C3F77D79_w1023_r1_s

গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশটি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সময়সীমার কথা জানায়নি। বৈঠকের পর ট্রাম্প অবশ্য দাবি করেন,উত্তর কোরিয়া এখন আর পরমাণু হুমকি নয়। এর কয়েক সপ্তাহের মধ্যেই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করেন, কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের কথা বললেও এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।ট্রাম্পও মন্তব্য করেছিলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টা বাস্তবে ফলপ্রসূ নাও হতে পারে। 

তবে ‍মঙ্গলবার ট্রাম্প জানালেন, নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা ভালো হচ্ছে। এক টুইটবার্তায় তিনি উল্লেখ করেন, গত ৮ মাসে উত্তর কোরিয়া কোনও রকেট পরীক্ষা চালায়নি।

হোয়াইট হাউস চলমান আলোচনাকে ইতিবাচক বললেও সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া উত্তর কোরিয়ার অস্ত্র সক্ষমতা সম্প্রসারণের গোয়েন্দা সংবাদ নিয়ে কোনও মন্তব্য করেনি।

সোমবার হোয়াইট থেকে জানানো হয়, চলতি সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে আগামী ৫ জুলাই পিয়ং ইয়ং যাবেন তিনি।

ইতোমধ্যে আলোচ্যসূচি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দল উত্তর কোরীয় প্রতিনিধি দলের সঙ্গে সীমান্তবর্তী পানমুনজামে দেখা করেছেন।