৯২ বছর বয়সী মাকে বৃদ্ধাশ্রমে দিতে চাওয়ায় ৭২ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, আনা মায়ে ব্লেসিং নামের ওই বৃদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে চাওয়ার পরিকল্পনা করায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই মা।
অ্যারিজোনা অঙ্গরাজ্যে নিজের বাড়িতে ছেলে আর তার বান্ধবীর সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময়ে তিনি বারবার বলতে থাকেন, ‘তুমি আমার জীবন নিয়েছ, তাই আমি তোমারটা নিয়ে নিয়েছি।’ ব্লেসিং পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার পর তিনি নিজেই নিজের জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ রেকর্ডের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২ জুলাই সকালে মারিকোপা কান্ট্রির ফাউন্টেন হিল শহরে এই ঘটনা ঘটে। তবে ব্লেসিংয়ের ছেলের নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মায়ের সঙ্গে বসবাস করা কষ্টকর হয়ে পড়ায় তাকে একটি আশ্রমে রেখে আসার পরিকল্পনা করছিলেন ওই ছেলে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিজের ছেলেকে বেডরুমে ডেকে নিয়ে এই বিষয়ে আলাপের আগে নিজের পকেটে দুটি পিস্তল রেখেছিলেন ওই মা। আলাপচারিতার এক পর্যায়ে ১৯৭০’র দশকে কেনা পিস্তল দিয়ে ছেলেকে গুলি করেন ব্লেসিং।
পুলিশ মৃত অবস্থায় ছেলেকে উদ্ধার করে। তার ঘাড় ও চোয়ালে দুটি গুলিবিদ্ধ ছিল।
ছেলেকে গুলি করার পর ছেলের ৫৭ বছর বয়সী বান্ধবীর দিকে বন্দুক তাক করেন ব্লেসিং। তবে ওই বান্ধবী তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরের এক কোনায় পিস্তলঠি ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হন। পরে দ্বিতীয় পিস্তলটি বের করলে সেটিও ছিনিয়ে নিতে সক্ষম হন বলে ওই বান্ধবী জানিয়েছেন। পরে ঘর থেকে বেরিয়ে পুলিশকে ঘটনা জানান তিনি।
পুলিশ গিয়ে ব্লেসিংকে একটি চেয়ারে শোয়া অবস্থায় পায়। পরে তিনি বলেছেন নিজের কাজের জন্য ঘুমের দেশে চলে যেতে চেয়েছিলেন তিনি।
তার বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যা, অপহরণ অভিযোগ আনা হয়েছে। পাঁচ লাখ ডলারে তার জামিন নির্ধারিত হয়েছে।