নাজিবের মামলায় আইন নিজস্ব গতিতে চলবে: মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে চলা মামলায় আইন তার নিজস্ব গতিতে চলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনে দেওয়া নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টনের প্রতিশ্রুতি অনুযায়ী এই মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না। নাজিবের বিরুদ্ধে চলা ওয়ানএমবিডি কেলেঙ্কারি মামলায় এখন পর্যন্ত সৌদি আরবের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও আল জাজিরাকে জানিয়েছেন মাহাথির।মাহাথির মোহাম্মদ
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মাহাথির বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আর অ্যাটর্নি জেনারেল যদি অপরাধমূলক কার্যক্রমের যথেষ্ট প্রমাণ খুঁজে পায় তাহলে তিনিই সিদ্ধান্ত নেবেন।’ ৯২ বছর বয়সী মাহাথির বলেন, ‘আমাদের একটি (নির্বাচনি) প্রতিশ্রুতি ছিল আমরা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টনকে সম্মান জানাবো, সে কারণে অ্যাটর্নি জেনারেল যা করতে চান তাতে আমি হস্তক্ষেপ করতে পারি না।’

রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি দুর্নীতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এই তহবিল থেকে লাখ লাখ ডলার হারিয়ে যাওয়ার ক্ষেত্রে নাজিবের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করা হয়ে থাকে। বুধবার (৪ জুন) তার বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চারটি অভিযোগ গঠন করেছে মালয়েশিয়ার আদালত। এর মধ্যে তিনটি বিশ্বাসভঙ্গজনিত অপরাধ ও অপরটি ক্ষমতার অপব্যবহার করে ৪২ মিলিয়ন রিঙ্গিত আত্মসাৎ। অপরাধ প্রমাণিত হলে প্রতিটির জন্য ২০ বছর করে কারাদণ্ড হতে পারে তার।

২০১৫ সালে দেখা যায় ওয়ানএমডিবি তহবিল থেকে চারশ’ কোটি ডলার হারিয়ে গেছে। অভিযোগ রয়েছে, এর প্রায় ৭০ কোটি ডলার নাজিবের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ভুল কিছু করার অভিযোগ অস্বীকার করে আসছেন নাজিব। তিনি বলছেন, সৌদি রাজপরিবার থেকে এই অর্থ অনুদান পাওয়া গিয়েছিল, পরে তা ফেরত দেওয়া হয়েছিল।

২০১৬ সালে সৌদি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, মালয়েশিয়ায় মুসলিম ব্রাদারহুড মনোভাবাপন্নদের প্রভাব ঠেকাতে নাজিব রাজাককে ৬৮ কোটি ১০ লাখ ডলার দিয়েছিল সৌদি আরব। ২০১৩ সালের নির্বাচনে জিততে নির্বাচনি প্রচারণার জন্য তাকে উপঢৌকন হিসেবে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ অর্থ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছিলেন।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নাজিবের বিরুদ্ধে চলা মামলায় সৌদি কর্তৃপক্ষ জড়িত থাকার কথা অস্বীকার না করায় হতাশা প্রকাশ করেছেন মাহাথির। তবে তিনি এও বলছেন, ‘এখন পর্যন্ত এই মামলায় দেশটির কোনও ভূমিকা পাওয়া যায়নি।’ মাহাথির বলেন, ‘সৌদি আরব মালয়েশিয়ার রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছে- যতক্ষণ পর্যন্ত তা প্রমাণ করা যাচ্ছে না ততক্ষণ আমরা তাদের অভিযুক্ত করতে পারি না।’

গত মে মাসে নির্বাচনে মাহাথিরের নেতৃত্বে চার দলের জোট পাকাতান হারাপান জয়ী হয়। ১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় থাকা জোট বারিসন ন্যাসিওনালকে প্রথমবারের মতো হারিয়ে দেয় মাহাথিরের জোট।

নতুন সরকার গঠনের পরই ক্ষমতায় থাকার সময়ে করা নাজিবের দুর্নীতি তদন্তে বিশেষ টাস্কফোর্স গঠন করেন মাহাথির। এখন পর্যন্ত নাজিবের স্ত্রী রসমাহ মানসুর ও পুত্র রিজা আজিজ ছাড়াও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এছাড়া জব্দ করা হয়েছে ৪০৮টি ব্যাংক অ্যাকাউন্ট।

বারিসন ন্যাসিওনাল জোটের নেতা হিসেবে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। দুর্বল অর্থনীতির দেশ থেকে এশিয়ার অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করায় আধুনিক মালয়েশিয়ার জনক হিসেবে অভিহিত করা হয় তাকে।