থাইল্যান্ডের গুহা থেকে নবম কিশোর উদ্ধার, বাকি আর চার জন

থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের উদ্ধারে পরিচালিত অভিযানের তৃতীয় দিনে আরও এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে আটকে পড়া ১৩ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলো। গুহার মধ্যে এখনও বালক ফুটবলারদের কোচ ও তিন বালক আটকে আছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

1531131636_9

উদ্ধার অভিযানে নিয়োজিত যৌথ কমান্ড সেন্টারের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসোতানাক মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, অবশিষ্ট পাঁচ জনকে একই সময়ে বের করে নিয়ে আসা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সোমবার দিবাগত রাতের প্রবল বৃষ্টির পরও গুহার পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি। গতকালের চেয়ে আজ আরও দ্রুত অভিযান পরিচালিত হবে বলে প্রত্যাশা করেন নারোংসাক।

উদ্ধার প্রধান জানান,  সবকিছু পরিকল্পনা মতো যদি হয় তাহলে দিনের শেষে ওয়াইল্ড বোয়ার্স দলের কেউ গুহার ভেতরে থাকবে না। বৃষ্টি দেখে আপনারা চিন্তিত হতে পারেন। ভোর থেকেই তৃতীয় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সারাদিনে আরও অনেকে নিয়মিত প্রবেশ করবেন।

নারোংসাক বলেন, প্রথম দিন লেগেছিল ১১ ঘণ্টা, গতকাল লেগেছে ৯ ঘণ্টা। আজ  আরও দ্রুত হবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি। এরপর টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় তাদের শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন চার জনকে এবং সোমবার আরও চার জনকে উদ্ধার করা হয়েছে।