থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের উদ্ধারে পরিচালিত অভিযানের তৃতীয় দিনে আরও দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে আটকে পড়া ১৩ জনের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হলো। গুহার মধ্যে এখনও ফুটবলারদের কোচ ও দুই বালক আটকে আছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
অভিযান শুরুর দিনই চারজনকে এবং সোমবার আরও চারজনকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযানে নিয়োজিত যৌথ কমান্ড সেন্টারের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসোতানাক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, অবশিষ্ট পাঁচজনকে একই সময়ে বের করে নিয়ে আসা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সোমবার দিবাগত রাতের প্রবল বৃষ্টির পরও গুহার পরিস্থিতির তেমন একটা পরিবর্তন হয়নি।
উদ্ধারকারী অভিযানের প্রধান জানান, সবকিছু পরিকল্পনা মতো যদি হয় তাহলে দিনের শেষে ওয়াইল্ড বোয়ার্স দলের কেউ গুহার ভেতরে থাকবে না। বৃষ্টি দেখে আপনারা চিন্তিত হতে পারেন। ভোর থেকেই তৃতীয় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে ১৯ জন ডুবুরি গুহায় প্রবেশ করেছেন। সারা দিনে আরও অনেকে নিয়মিত প্রবেশ করবেন।
নারোংসাক বলেন, ‘প্রথম দিন লেগেছিল ১১ ঘণ্টা, গতকাল লেগেছে ৯ ঘণ্টা। আজ আরও দ্রুত হবে বলে আশা করছি।’