ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক সহযোগীদের পণ্যে আমদানি শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়ায় তা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো। তিনি বলেন, এতে করে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকিতে পড়তে পারে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদোগত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। সেসময় ট্রাম্প দাবি করেছিলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। শুল্ক আরোপের সিদ্ধান্তটি কার্যকর হয় ১ জুন। এতে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের অন্য ঘনিষ্ঠ মিত্রদের বাণিজ্যের ওপর প্রভাব পড়ে। এর জের ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ২৮০ কোটি ইউরো মূল্যের মার্কিন পণ্যে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তটি ২২ জুন থেকে কার্যকর হয়।

এবার বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে আসলো সতর্কবার্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাতকারে সংস্থাটির প্রধান বলেন, আমরা আগের চেয়েও বাণিজ্যে বেশি বাধাসৃষ্টিকারী ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতি স্পষ্ট। আমরা এর অবসান চাই।’  

রবার্তো আজেভেদো আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে বোঝা যাচ্ছিলো যে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠা হচ্ছে। আমাদের আশা, নতুন এই উত্তেজনার কারণে এই ফলাফলে কোনও প্রভাব পড়বে না। উন্নয়নশীল এই প্রবৃদ্ধির যেই সুযোগ তৈরি হয়েছে তা থমকে যাবে না বলেই আমাদের বিশ্বাস।’