ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে থাইল্যান্ডে ৭ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের এই ভূমিধসে আরও একজন নিখোঁজ রয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা প্রাসিত দুসাদিওং এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাসিত দুসাদিওংকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্বত্য অঞ্চলের ন্যান প্রদেশের বো ক্লুয়া জেলায় ভূমিধস হয়েছে। হতাহতদের সবাই এই এলাকার বাসিন্দা। ভূমিধসে সেখানকার বাড়িঘর এবং রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডে সাধারণত বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ২০১১ সালে ভয়াবহ বন্যায় দেশটিতে ৯ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। প্রাসিত বলেন, দুই সপ্তাহ ধরে ভারী বর্ষণের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের ধসের ব্যাপারে লোকজনকে সতর্ক করেছি। কিন্তু তারা যে এমন বিপর্যয়ের মুখোমুখি হবেন সেটা ভাবিনি।