ইন্দোনেশিয়ায় পর্যটনের জন্য জনপ্রিয় দ্বীপ লোমবোকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না। ইউরোপীয় ভূমিকম্প সংস্থা ইউরোপ-ভূমধ্যসাগরীয় সিসমোলজিকাল সেন্টার জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৫।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে একইমাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছিল। ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প বা সুনামির আঘাত নতুন নয়। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে দেশটির অবস্থান। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে নিহত হন কয়েক হাজার মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতেও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।