শিগগিরই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাছাই করবে পিটিআই

শিগগিরই পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানকার রাজ্যসভা নিয়ে সংশয়-উদ্বেগের মধ্যেই দলটি ঘোষণা দিয়েছে, আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে তারা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নাম ঘোষণা করবে।

এর আগে গত সপ্তাহজুড়ে মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিতে ব্যাপক দৌড়ঝাঁপ চালায় দলটি। এজন্য তারা ৪৮ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছিল। তবে এখন পিটিআই নেতারা বলছেন, ইমরান খান কেন্দ্রীয় সরকার গঠন নিয়ে ব্যস্ত থাকায় রাজ্য সরকার গঠনে আরও কিছু সময় লাগতে পারে।

পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ফাওয়াদ চৌধুরী বলেছেন, ১১ আগস্ট কিংবা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, পিটিআই এরইমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচিত ২৬ জনের সমর্থন নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

এদিকে পাকিস্তানের নতুন বিরোধীদলীয় নেতা নির্বাচনে আলোচনা শুরু করেছে নওয়াজ শরিফের দল মুসলিম লীগ এবং বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। পিপিপি’র একজন কর্মকর্তা পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মুসলিম লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়নি। তবে শিগগিরই এ ব্যাপারে আলোচনা শুরু হবে।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক নেতা ডনকে বলেন, সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীদলীয় নেতা নির্বাচনে মুসলিম লীগের কাছে যেকোনও একটি চাইবে পিপিপি। দুই পদের একটি যেন তারা ছেড়ে দেয় তার আহ্বান জানানো হবে।

পার্লামেন্টে বিরোধী দলগুলোর মধ্যে, বিশেষ করে মুসলিম লীগ ও পিপিপি’র সুসম্পর্ক রক্ষারও তাগিদ দেন এই রাজনীতিক।

মুসলিম লীগের তথ্য বিষয়ক সম্পাদক মুশাহিদুল্লাহ খান ডনকে বলেন, বিরোধী দলগুলোর সম্মিলিত বৈঠকে এ বিষয়টি তোলা হবে। তবে শুধু দুইজন বিরোধীদলীয় নেতা নির্বাচনের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকবে না। বরং সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচন এবং প্রাদেশিক পরিষদগুলোতে সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।