এভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেওয়া সাজার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে লাহোর হাই কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। ওই সাজা বাতিলে নওয়াজের পরিবারের করা আবেদনের ভিত্তিতে শনিবার লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি শামস মেহমুদ মির্জা এই আদেশ দেন। ফলে হাই কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই সাজা বাতিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের, তার কন্যা মারিয়াম নওয়াজকে সাত বছর এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে এক বছরের সাজা দেয় জবাবদিহি আদালত। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হন নওয়াজের আইনজীবী। এর ভিত্তিতেই শনিবার বিষয়টি নিয়ে নতুন করে শুনানির আদেশ দেন লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি।
নওয়াজের পরিবারের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী এবং তার কন্যা-জামাতাকে যে আদালতে অভিযুক্ত করা হয়েছে, বিষয়টি আদতে ওই আদালতের এখতিয়ারভুক্ত নয়। কেননা, যে আইনের ভিত্তিতে এই আদালত গঠিত হয়েছে তা এখন একটি ‘মৃত আইন’।
দুর্নীতির অভিযোগে গত ৬ জুলাই নওয়াজ এবং তার কন্যা-জামাতাকে সাজা দেন আদালত। ১৩ জুলাই লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে নওয়াজ ও মারিয়ামকে গ্রেফতার করা হয়। জাতীয় নির্বাচনে দল ও সমর্থকদের উজ্জীবিত করতে দণ্ড মাথায় নিয়েই তারা দেশে ফিরেছিলেন।