পেরুতে শেষকৃত্য অনুষ্ঠানে বিষক্রিয়ায় ৮ জনের মৃত্যু, অসুস্থ ২০

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক শেষকৃত্য অনুষ্ঠানে বিষক্রিয়ায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে রয়েছেন শহরের মেয়রও। দেশটির দক্ষিণাঞ্চলের আইয়াচু অঞ্চলে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_102859818_peruayacucho9760818প্রতিবেদনে বলা হয়, স্যানে হোসে দে উশুয়া নামের ওই জেলায় বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। তারা এই বিষক্রিয়ার কারণ অনুসন্ধান করবেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ধারণা, অনুষ্ঠানে সরবরাহ করা খাবারের কারণে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। সেখানে ইদুরের বিষ বা কীটনাশক মেশানো হয়ে থাকতে পারে।

স্থানীয় হাসপাতালগুলো জানায়, অসুস্থ ১৫ জনের অবস্থা গুরুতর। তারা সবাই মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে গেছেন। আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক জন টিনকো বাতিস্তাও বলেন, অনুষ্ঠানে যারা গিয়েছিলেন কয়েকঘণ্টা পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

এক মাস আগেই পেরুর কয়েকটি স্কুলে সকালের নাস্তা খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। সরকারি ব্যবস্থাপনায় সেই খাবার সরবরাহ করা হয়েছিলো। সেসময় ভাবা হয়েছিলো ফলের রসের সঙ্গে কোনও রাসায়নিক মেশানো হয়েছিলো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছিলো।