টেলিফোন সংলাপে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক নির্বাচনে তেহরিকে ইনসাফ দলের বিজয়ে দলীয় প্রধান ও পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন। তাকে তেহরান সফরের আমন্ত্রণও জানিয়েছেন রুহানি। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের খবর থেকে এসব কথা জানা গেছে।
পার্সটুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে, সাম্প্রতিক বছরগুলোতে তেহরানের সঙ্গে সহযোগিতা বিস্তারের বিষয়টি ইসলামাবাদের পররাষ্ট্র নীতিতে সবসময় অগ্রাধিকার পেলেও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে গিয়ে পাকিস্তানের কোনো সরকারই ইরানের সঙ্গে জ্বালানি ক্ষেত্রে যেসব চুক্তি হয়েছে তা বাস্তবায়ন করেনি। পাকিস্তানের জনগণের জীবন মান উন্নয়ন এবং শিল্প কারখানা ও অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য তাদের ব্যাপক জ্বালানির চাহিদা রয়েছে। ইমরান খানের প্রতি জনগণের ব্যাপক সমর্থনের একটি কারণ হচ্ছে, জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি তিনি আর্থিক দুর্নীতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ইমরান খান নির্বাচনী প্রচারণার সময় প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলারও শপথ করেছিলেন। পার্সটুডে বলছে, অভিন্ন ঐতিহ্য ও ধর্মীয় বন্ধনের কারণে ইরান সবসময়ই পাকিস্তানের জনগণের পাশে ছিল এবং দেশটির অনেক সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট রুহানি তেহরান সফরের জন্য ইমরান খানকে যে আমন্ত্রণ জানিয়েছেন তা সন্ত্রাসবাদ মোকাবেলাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।