কর নিয়ে বিতর্কে হার্লি ডেভিডসনকে বর্জনে ট্রাম্পের সমর্থন

মার্কিন মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান হার্লি ডেভিডসনকে বর্জনকে সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্পাতের ওপর করারোপ নিয়ে কোম্পানিটির সঙ্গে চলমান বিতর্কের জের ধরেই রবিবার ট্রাম্প প্রতিষ্ঠানটিকে বর্জনের আহ্বান জানান।

636655466052916198-AP-Trump-88494002

ই বছরের শুরুতে উইসকনসিনভিত্তিক এই মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানটি ইউরোপের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের পরিবর্তে সেখানেই মোটরসাইকেল উৎপাদনের কথা ঘোষণা করে। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে ইউরোপও অনেক পণ্যে শুল্ক আরোপ করেছে। সেখানে বিদেশি প্রতিষ্ঠান হিসেবে সুবিধা নিয়ে ওই শুল্ক এড়ানোর জন্য তারা এমন উদ্যোগের কথা জানায়।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হার্লি ডেভিডসন কোম্পানির সমালোচনা করেন। তিনি এই খাতে আরও কর আরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা বাড়াতে বিদেশি কোম্পানিগুলোকে প্রলুব্ধ করা হবে বলেও হুমকি দেন ট্রাম্প। রবিবার এক টুইট বার্তায়  ট্রাম্প বলেন, ‘উৎপাদন বিদেশে সরিয়ে নিলে হার্লি ডেভিডসন মোটরসাইকেলের অনেক মালিকই কোম্পাটিকে বর্জনের পরিকল্পনা করেছেন। দারুণ! হার্লির প্রতিযোগী অন্যান্য বেশিরভাগ কোম্পানিই আমাদের নির্দেশনায় আওতায় আসছে। এটা খুবই খারাপ পদক্ষেপ। যুক্তরাষ্ট্র শীঘ্রই একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা আরও ভাল কিছু পেতে যাচ্ছে।’     

তবে ট্রাম্পের এমন সমালোচনার পর বারবার যোগাযোগ করা হলেও কোম্পানিটির পক্ষ থেকে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে। হার্লি এর আগে পূর্বাভাস দিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের শুল্কের কারণে প্রতিষ্ঠানটিকে ২০১৮ সালের বাকি সময়ে ৩ কোটি থেকে সাড়ে ৪ কোটি ডলার অতিরিক্ত খরচ হবে। এছাড়া প্রতিবছর প্রতিষ্ঠানটিকে আরও ৯ থেকে ১০ কোটি ডলার খরচ করতে হবে।

টুইট করার আগে শনিবার নিজের গল্ফ রিসোর্টে ১৮০ জন মোটরসাইকেল চালকের সঙ্গে সাক্ষাত করেন ট্রাম্প। নিউ জার্সির ওই অবসরযাপন কেন্দ্রে ছুটি কাটাচ্ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি মোটরসাইকেল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জাপানের হোন্ডা ও ইয়ামাহা, ইউরোপের বিএমডব্লিউ ও ডুকাতি এবং ভারতে হিরো ও বাজাজ মোটর কোম্পানি।