তিন মাস পর কাজে ফিরেছেন ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি

কিডনি প্রতিস্থাপন অপারেশনে তিন মাস ছুটিতে থাকার পর কাজে যোগ দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবার এই সংক্রান্ত সরকারি নোটিশে বলা হয়েছে ‘প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের প্রসিডেন্ট অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অরুন জেটলির কাছে সমর্পণের নির্দেশনা দিয়েছেন।’ দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার মন্ত্রণালয়ে যোগ দিয়ে অর্থসচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।তিন মাস পর অফিসে ফিরে কর্মকর্তাদের শুভেচ্ছা জানান অরুন জেটলি
৬৫ বছর বয়স্ক অরুন গত এপ্রিল থেকেই মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকা শুরু করেন। গত ১৪ মে তার কিডনির প্রতিস্থাপন অপারেশন হয়। সরকারি সূত্রের বরাত দিয়ে সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শেই কাজে ফিরেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

অরুন জেটলির অনুপস্থিতিতে রেলমন্ত্রী পিযুষ গয়াল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। এই সময়ে অরুন ভিডিও কনফারেন্সেও কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। এই নিয়ে ভারতের আসল অর্থমন্ত্রী কে- এমন প্রশ্নও তোলে বিরোধীদলগুলো।

শুক্রবার মন্ত্রণালয়ে ফিরলেও এই মাসের শুরুর দিকে (৯ আগস্ট) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে ভোট দিতে পার্লামেন্টে উপস্থিত হন। অসুস্থতার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বিরোধীদের সমালোচনা থেকে শুরু করে পণ্য ও সেবার শুল্ক হার কমানোর মতো ইস্যুতে সেখানে তিনি লেখালেখি করেছেন।

২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে ওজন কমোনোর অপারেশন (বারিয়ার্টিক সার্জারি) করান। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ডায়াবেটিসে ভুগতে থাকায় অতিরিক্ত ওজন কমাতে ওই অপারেশন করান তিনি।

খবরে বলা হয়েছে দিল্লির উত্তর ব্লকের প্রথম তলায় অরুন জেটলির কার্যালয় নতুনভাবে সাজানো হয়েছে। নতুন করে সংক্রমণ এড়াতে সেখানে বসানো হয়েছে বিশেষ বাথরুম সামগ্রী। শুক্রবার কাজে যোগ দিলে তাকে স্বাগত জানান সেখানকার কর্মকর্তারা। অর্থসচিব হাসমুখ আধিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে প্রথম দিনেই সাক্ষাৎ করেন।

চিকিৎসকেরা তাকে জনসম্মুখে আসা অনুষ্ঠান সীমিত করার পরামর্শ দিয়েছেন।এছাড়া তার কক্ষে প্রবেশ করতে দেওয়া সীমিত সংখ্যক দর্শনার্থীর জুতা হাসপাতালে ব্যবহার্য প্লাস্টিক ব্যাগে ঢেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।