চীনে আটক হাজার হাজার উইঘুর মুসলিমদের মুক্তি ও কাউন্টার-এক্সট্রিমিজম সেন্টার নামে আটক ক্যাম্প বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। সংস্থাটির জাতিগত বৈষম্য বিষয়ক কমিটি জানায়, এই ক্যাম্পে মানাবধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
জাতিসংঘের প্যানেল জানায়, তারা এত সংখ্যক উইঘুর ও অন্যান্য মুসলিম আটকের খবরে উদ্বিগ্ন। অনেককে কোনও অভিযোগ ছাড়াই দীর্ঘমেয়াদের আটকে রাখা হচ্ছে। কিংবা কাউকে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে আটক করা হচ্ছে।
সংস্থাটি জানায়, বেইজিংয়ের কাছে এর কোনও সরকারি হিসেব না থাকাটা দুঃখজনক। জাতিসংঘ বলে, অবৈধভাবে আটকের চর্চা বন্ধ করে এভাবে আটক সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে এভাবে আটকদের প্রকৃত সংখ্যা বের করা ও এই ঘটনার তদন্ত করারও আহাবান জানায় সংস্থাটি।
উইঘুর মুসলিম কারা?
চীনের জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মত স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার ওপর এখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে যে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীর ব্যাপক হারে আটকের শিকার হচ্ছে।