ফিলিপাইনে বন্দুকধারীর হামলা, নিহত ৬

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ছয় গ্রামবাসী নিহত হয়েছে। ফিলিপিনো এক ব্যবসায়ী দম্পতিকে অপহরণ করার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তারা প্রাণ হারান। শনিবার দেশটির পুলিশ কর্মকর্তার বরাতে একথা জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

07cebu-killingsজাম্বোয়াঙ্গা ডেল নর্তি প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ইদউয়িন ডি ওকাম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে প্রদেশটির সিরাওয়াই শহরের উপকূলীয় গ্রামের ওই দম্পতির বাড়িতে বন্দুকধারীরা ঢুকে পড়ে এবং তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ডি ওকাম্পো জানান, ঘটনার সময় এক প্রতিবেশী তাদেরকে উদ্ধারে এগিয়ে আসলে অপহরণকারীদের গুলিতে সে নিহত হয়। লোকটি সামরিক বাহিনীর মিলিশিয়া ফোর্সের সদস্য ছিল। এছাড়া আরও পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় ক্রসফায়ারে এক শিশুও আহত হয়েছে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, অপহৃত এ দম্পতিকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। চলতি বছরে সিরাওয়াই শহরে এটি ছিল দ্বিতীয় অপহরণের ঘটনা। এ বছরের গোড়ার দিকে শহরটিতে একই পরিবারের ছয়জনকে অপহরণ করা হয়েছিল। পরে তাদেরকে সুলু প্রদেশ থেকে উদ্ধার করা হয়।