ভারতের এলাহাবাদে দুর্বৃত্তের হামলায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিসিটিভিতে ধারণ করা ফুটেজে দেখা যায়, ওই দুর্বৃত্ত ৯০ সেকেন্ডে ৪৯ বার লাঠি দিয়ে আঘাত করেছেন অবসরপ্রাপ্ত ওই উপ-পরিদর্শককে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জানা যায়, সাবেক এই এসআই বাইসাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় লাল শার্ট পড়া একজন ব্যক্তি সামনে এসে লাঠি দিয়ে মারতে থাকেন। এসময় পাশ দিয়ে অনেকে গেলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। কিছুক্ষণ পরে আরও দুইজন ব্যক্তি এসে সামাদকে মারতে থাকেন।
প্রথমে বাঁচার চেষ্টা করলেও একটা সময় হাল ছেড়ে দেন সামাদ। তার মেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ব্যাথায় কাতরাতে কাতরাতে মৃত্যু হয় তার।
এলাহাবাদের পুলিশ প্রধান ব্রিজেশ শ্রিবাস্তব বলেছেন, খানের মেয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এখন পর্যন্ত মূল সন্দেহভাজন জুনাইদ কামালসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো।