কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের

কলকাতায় একের পর এক ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে রাজ্যের হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টেরই এক আইনজীবী বুধবার (৫ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেছেন। এই ঘটনায় দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতি বা শুক্রবার জনস্বার্থ মামলার শুনানি হবে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি হান্টের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

মাঝেরহাট ফ্লাইওভার ধসে পড়ার এলাকা এবং কলকাতা হাইকোর্টের ছবি
ভারতের কলকাতায় ২০১৩ সালে ভেঙে পড়েছিল উলটোডাঙা ফ্লাইওভার। ২০১৬ তে ভাঙে  পোস্তা ফ্লাইওভার। আর মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভেঙে পড়লো মাঝেরহাট ব্রিজটি। এভাবে একের পর এক ফ্লাইওভার ভাঙার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছে রাজ্যবাসী। যে ব্রিজ দিয়ে নিত্যদিন যাতায়াত চলছে, সেই ব্রিজগুলি ভেঙে পড়বে না তো, সেই প্রশ্নও উঁকি দিচ্ছে অনেকের মনেই। আর সে দুশ্চিন্তা থেকে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

বুধবার একের পর এক ব্রিজ বিপর্যয়ের ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। রাজ্যের ব্রিজগুলির কী অবস্থা, আদৌ সময় মতো ব্রিজগুলির রক্ষণাবেক্ষণ হচ্ছে কী না, তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়। আইনজীবীর মুখ থেকে গোটা ঘটনা শোনার পর মামলা দায়েরের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জরুরি ভিত্তিতে আগামী বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই এই মামলার শুনানির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, ২০১৬ সালে পোস্তায় ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনাতেও কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।