ফিলিপাইনের শহর রোন্ডার মেয়রকে তার অফিসে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে কয়েকজন বন্দুকধারী তার অফিসে ঢুকে গুলি চালায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে বর্তমান প্রশাসনের ১৬ জন জনপ্রতিনিধি খুন হলেন। রোন্ডার মেয়র মারিয়ানো ব্ল্যাংকোকে স্থানীয় সময় আড়াইটা দিকে মৃতু ঘোষণা করা হয়।
পুলিশের সিনিয়র পরিদর্শক জেআর প্যালকন বলেন, দেড়টার দিকে একটি ভ্যানে করে কয়েকজন যুবক টাউন হলে আসে। রোন্ডার মিউনিসিপাল অফিসে ঢুকেই তারা গুলি শুরু করে।
এনডিটিভি জানায়, ব্ল্যাঙ্কোর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিলো। ২০১৭ সালে পুলিশের তদন্ত থেকে মুক্তি পান তিনি।
এর আগে জুলাই মাসের প্রথমদিকে দুই দিনে দুই মেয়র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিলো। তার আগে ফেব্রুয়ারিতে প্রাণ হারায় রোন্ডার ডেপুটি মেয়র ও ব্ল্যাঙ্কোর ভাতিঝা জন উনগাব।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তের শুরু করা মাদকযুদ্ধে দেশটিতে অসংখ্য সহিংসতা হয়েছে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি সন্দেহভাজন। অমীমাংসিত থেকে গেছে ২৩ হাজার ৫০০ হত্যা মামলা।