যৌথ সামরিক মহড়া নিয়ে বিমসটেক সম্মেলনে আলোচনা হয়নি: নেপাল

নেপালে সদ্য সমাপ্ত বিমসটেক সম্মেলনের কোনও পর্বেই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। দেশটির এক কর্মকর্তা যৌথ সামরিক মহড়ার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন এমন দাবি করার পর পররাষ্ট্রমন্ত্রী তা নাকচ করে দিলেন।নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি
গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন (বিমসটেক) শীষর্ সম্মেলন। ওই সম্মেলনের উদ্বোধণী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ সামরিক মহড়া অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন নেপালের প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ভীম বাহাদুর রাওয়াল। তার এই দাবিকে বুধবার নাকচ করে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

নেপালের প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিকে সম্মেলনের আলোচ্যসূচি বিষয়ে ব্রিফিং করার সময়ে বুধবার প্রদীপ কুমার গাওয়ালি ভীম বাহাদুরের দাবি নাকচ করে দেন। তিনি বলেন, ‘যৌথ সামরিক মহড়া ইস্যুতে এই সম্মেলন কোনও আলোচনা করেনি। তিনি বলেন, বিমসটেকের তিন স্তরের বৈঠকের কোনও স্তরেই যৌথ সামরিক মহড়া অন্তর্ভূক্ত ছিল না’। তিন স্তরের এসব বৈঠক ছিল প্রতিনিধি সভা, মন্ত্রী পর্যায়ের বৈঠক ও মূল সম্মেলন।

প্রদীপ কুমার গাওয়ালি বলেন, এই ধরনের আচরণ বিমসটেকের ভাবমূর্তির ধারণার বিরুদ্ধে যেতে পারে।