তেলেঙ্গানায় বাস খাদে পড়ে শিশুসহ ৪০ জনের বেশি নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলায় এক বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ ৪০ জনের বেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্য সরকারের মালিকানাধীন রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

noname

কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে শনিভারাপেত গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আরেক ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এছাড়া উদ্ধার কাজ অব্যাহত থাকায় নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের ব্রেক ফেল হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাসটিতে আনজানিয়া স্বামী মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে ৬২ জন তীর্থযাত্রী উঠেছিলেন।

দুর্ঘটনার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তদারককারী জাগিতিয়াল জেলা কালেক্টর এ শরত। তার উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা পিটিআই’র খবরে বলা হয়েছে, বেলা পৌনে ১২টা থেকে দুপুরের মধ্যে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে জাগিতিয়াল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে করিমনগর ও হায়দরাবাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর তেলেঙ্গানার ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

রাজ্য সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বলেছে, ঘাট রোডে দুর্ঘটনা রোধে চালকদের জন্য আলাদা নির্দেশনা আগে থেকেই জারি করা রয়েছে।