যুক্তরাষ্ট্রে ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স আরও বড় হচ্ছে। ক্যারোলিনাসে এটি আঘাত আনলে অনেক মৃত্যুঝুঁকিও তৈরী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। কর্মকর্তারা জানান, যু্ক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়টি যতই আগাচ্ছে ততই পানির উচ্চতা বাড়ছে। এতে করে জীবনের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
শুক্রবার উত্তর ক্যারোলিনার উইলমিংটনে এটি আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার বলেন, ‘এই ঝড়টি দৈত্যাকার ধারণ করেছে। এটি বিশাল ও ভয়ঙ্কর।’
আগের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ঘূর্ণিঝড় মোকাবিলা কেন্দ্র (এনএইচসি) জানায়, পাঁচ ক্যাটাগরির মধ্যে ভয়াবহ চার ক্যাটাগরি সম্পন্ন ঘূর্র্ণিঝড় ফ্লোরেন্স বারমুডা থেকে ৫ শ’ ২৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি বর্তমানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে। বৃহস্পতিবারের মধ্যে এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।