ফিলিপাইন উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। মাংখুত নামের ওই ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে নর্দান মারিয়ানা দ্বীপ ও গুয়ামে আঘাত এনেছে। ফিলিপাইনে উপকূলবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রশান্ত মহাসাগর দিয়ে অতিবাহিত ঝড়টির বাতাসের বেগ ঘণ্টায় ২৫৫ কিলোমিটার। ফিলিপাইন হয়ে চীনের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাংখুতের।
কর্মকর্তারা জানান, ফিলিপাইনের যেই পথ দিয়ে ঝড় অতিক্রম করবে সেখানে প্রায় ১ কোটি মানুষের বসবাস। আর চীনের উপকূলেও অনেক মানুষ রয়েছেন।
ফিলিপাইনের আবহাওয়া দফতর জানায়, মাংখুত এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়। ফিলিপাইনের লুজন দ্বীপ থেকে সবাই সরে যেতে শুরু করেছে। শনিবার সকালে ঝড়টির আঘাত হানার সম্ভাবনা বেশি।