নেতার পা-ধোয়া পানি পান!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র একজন প্রভাবশালী এমপি’র পা ধুইয়ে দিয়ে দলটির একজন কর্মী প্রকাশ্যে সেই নোংরা পানি পান করেছেন। এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ঝাড়খণ্ডের গোড্ডা আসনের ওই বিজেপি এমপি নিশিকান্ত দুবে অবশ্য দাবি করেছেন, অযথাই তার সমালোচনা করা হচ্ছে। তার বক্তব্য ‘আমার অনুগামী-সমর্থকরা যে আমায় কতটা ভালবাসেন সেটাই তারা বুঝতে পারছেন না।’ তবে বিরোধী দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। কংগ্রেস বলেছে, বিজেপি’র কোনও কোনও নেতা যে নিজেদের দেবতার মর্যাদায় অধিষ্ঠিত করতে চাইছেন এটাই তার প্রমাণ।

এমপির পা-ধোয়া পানি খাচ্ছেন ঝাড়খণ্ডের বিজেপি কর্মী।বিব্রত বিজেপির কেউ কেউ অবশ্য বলার চেষ্টা করছেন, ওই অনুগামী নেতার পা-ধুইয়ে দেওয়ার পর সেই পানিটা যে খেয়ে নেবেন; সেটা তারা বুঝতে পারেননি। ফলে তাকে ঠেকানোও সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটেছে রবিবার ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় একটি সেতুর শিলান্যাস করার সময়। স্থানীয় এমপি হিসেবে বিজেপির প্রভাবশালী নেতা নিশিকান্ত দুবে ও দলের অন্যান্যরা সেখানে হাজির ছিলেন। সেই অনুষ্ঠানেই পবন নামে বিজেপির একজন কর্মী 'প্রতিশ্রুতি পূরণের জন্য' এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানাতে তার পায়ের কাছে বসে একটি পিতলের থালা নিয়ে ও ঘটি থেকে পানি ঢেলে নিশিকান্ত দুবের পা ধুইয়ে দেন। তারপর একটি শুকনো কাপড় নিয়ে তিনি সযত্নে এমপি’র পা দুটো মুছে দেন।

এরপর তিনি যা করেন, সেটা অনেকেই কল্পনা করতে পারেননি। সোজা পিতলের থালা থেকে সেই পা-ধোয়া নোংরা পানি নিয়ে তিনি নিজের মুখে ঢেলে দেন। সভায় সঙ্গে সঙ্গে মুর্হুর্মুহু শ্লোগান ওঠে, ‘পবন ভাইয়া জিন্দাবাদ, নিশিকান্তজি জিন্দাবাদ।’

অনেকেই এই ঘটনা নিজেদের মোবাইলে রেকর্ড করছিলেন। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক ও হোয়াটস অ্যাপে। বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা কীভাবে দলীয় কর্মীদের এই ধরনের আচরণকে প্রশ্রয় দিতে পারেন, তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

গোড্ডার বিজেপি এমএলএ অমিত কুমার মন্ডল নিজেও রবিবারের ওই সভায় উপস্থিত ছিলেন। মঞ্চে থাকাকালীন খুব কাছ থেকেই তিনি পুরো ঘটনা দেখেছেন। তিনি বলেন, ‘ঝাড়খণ্ডের লোকরীতি অনুযায়ী কোনও কোনও কোনও জায়গায় সম্মানিত ব্যক্তিদের পা ধুইয়ে দেওয়ার প্রচলন রয়েছে। তবে আমাদের ওই কর্মী যে সেই পানি খেয়ে নেবেন, সেটা আমরা কেউ বুঝতেই পারিনি। এত দ্রুত ও স্বতঃস্ফূর্তভাবে পা ধোয়ানোর পরই তিনি ওই পানি খেয়ে নেন যে তাকে আমরা আটকানোরও সময় পাইনি।’

স্থানীয় বিধায়ক পুরো ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করলেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি - সেই এমপি নিশিকান্ত দুবে অবশ্য এর মধ্যে কোনও অন্যায়ই দেখছেন না। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের ঝাড়খণ্ডে এভাবেই অতিথিদের বরণ করা হয়। ভগবান শ্রীকৃষ্ণও তার পরম সুহৃদ সুদামাকে এভাবেই স্বাগত জানিয়েছিলেন। আশা করি একদিন আমিও দলের নিবেদিতপ্রাণ কর্মী পবন ভাইয়ার পা ধুইয়ে দেওয়ার সুযোগ পাব।’ তবে বিরোধী দলগুলো এর মধ্যে বিজেপি নেতার চরম ঔদ্ধত্য আর অহমিকারই বহিঃপ্রকাশ দেখছে।

প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজেওলা বলেছেন, ‘নিশিকান্ত দুবের মতো চরম উদ্ধত বিজেপি নেতারা - যারা সব ভদ্রতা-সভ্যতা লঙ্ঘন করে প্রায়শই অন্যদের অপমান করে থাকেন - তারা যে দেবতার মতো মর্যাদায় পূজিত হতে চান সেটা এতে দিনের আলোর মতো স্পষ্ট। বিজেপি নেতাদের ঔদ্ধত্য কি এতটাই তুঙ্গে পৌঁছেছে যে, তারা আশা করছেন দলের কর্মীরা বা সাধারণ মানুষ তাদের পা ধুইয়ে সেই পানি পান করবেন?’

ভারতে দলিতদের দল হিসেবে পরিচিত বহুজন সমাজ পার্টিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বামপন্থী নেত্রী বৃন্দা কারাট মন্তব্য করেছেন, ‘বিজেপি যে একটি সামন্ততান্ত্রিক দল এবং দলের সাধারণ কর্মীদের তারা কী চোখে দেখেন, এই ঘটনায় সেটাই আরও একবার প্রমাণ হল।’ সূত্র: বিবিসি বাংলা।