আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে একটি নাইটক্লাবে হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ামবিওতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ইয়াম্বিওর পুলিশ কমিশনার জেমস মানডে এনোকা বলেন, আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের রাজধানী জুবায় নিয়ে যাওয়া হয়েছে।
এনোকা বলেন, শুক্রবার রাত ১১টার দিকে ক্লাবে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেসময় ক্লাবটিতে ৫০০ মানুষ ছিলেন। তৎক্ষণাত প্রাণ হারান চারজন।
সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে। পুলিশের দাবি, চলমান গৃহযুদ্ধের সঙ্গে এই হামলার কোনও সংশ্লিষ্টতা নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এনোকা বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
সুদানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। স্বাধীন হওয়ার মাত্র দুই বছরের মাথায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায় দক্ষিণ সুদানে। ২০১৩ সাল থেকে শুরু হওয়া ওই গৃহযুদ্ধ শুরু করেছিলেন প্রেসিডেন্ট সালভা কিরের অনুগত বাহিনী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাকারের অনুগত বাহিনী। ওই সময় দেশটির প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ তুলেছিলেন, রিক মাকার তার বিরুদ্ধে ক্যু সংগঠিত করেছেন। এরপর বিদ্রোহীদের মধ্যে অনেক উপদল তৈরি হয়েছে। গৃহযুদ্ধে হাজারে হাজারে মানুষ প্রাণ হারিয়েছে, দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সঙ্কট।দিন দিন বেড়ে চলেছে শরণার্থী সংকট।