আফগানিস্তানে নির্বাচনি সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ১৩

আফগানিস্তানে একটি নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার নাঙ্গারহার প্রদেশের ওই সমাবেশে চালানো এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

noname২০ অক্টোবরের পূর্বনির্ধারিত পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সমাবেশটির আয়োজন করা হয়। তালেবান ও আইএসের পক্ষ থেকে অবশ্য জনগণকে নির্বাচন বয়কটের আহ্বান জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, আবদেল নাসির মোমান্দ নামের এক এমপি প্রার্থীর সমর্থকদের সমাবেশে এই আত্মঘাতী এই হামলা চালানো হয়েছে। তবে ওই প্রার্থী বেঁচে আছেন।

ওই সমাবেশে প্রায় ২৫০ মানুষ উপস্থিত ছিলেন বলেও জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র।

সাঈদ হুমায়ুন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সিনিয়র নেতাদের বক্তব্য চলাকালে হঠাৎ করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমি জ্ঞান হারাই। পরে চোখ খুলে চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা লাশগুলো দেখতে পাই। সূত্র: বিবিসি।